সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটের। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার প্রত্যাশা দিয়ে দেশ ছেড়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু গ্রুপ পর্বে টানা দুটি হার, ক্রিকেটারদের পারফরম্যান্স—সব মিলিয়ে বাংলাদেশ দলকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। এই সমালোচনায় বিদ্ধ ক্রিকেটাররাও। সংবাদ সম্মেলনে মাঝেমধ্যে তা প্রকাশিতও হয়ে যাচ্ছে। এমন বিপর্যয়কর পরিস্থিতি মাথায় নিয়ে আজ শারজায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ।
এদিকে ওয়েস্ট ইন্ডিজও স্বস্তিতে নেই। তারা নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনারায়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। কিন্তু প্রথম ম্যাচের ইংল্যান্ডের কাছে হেরে লজ্জার রেকর্ড মাথায় নিয়ে মাঠ ছেড়েছিল কাইরন পোলার্ডের দল। ওই ম্যাচে মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল তারা, যা বিশ্বকাপে দলটির সর্বনিম্ন স্কোর। পরের ম্যাচে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। বাংলাদেশের মতো তারাও আসরে প্রথম জয়ের খোঁজে।
এদিকে ঘরেবাইরে বিধ্বস্ত বাংলাদেশের সমস্যা অনেক। ওপেনিং জুটি নিয়ে আসরের শুরু থেকেই ভুগছে টাইগাররা। তরুণ প্রতিভা লিটন দাস ফর্মে নেই মোটেও। অন্যদিকে সৌম্য সরকার তো প্রথম ম্যাচের ব্যর্থতার পর থেকেই একাদশের বাইরে। আর নাঈম কিছুটা রান পেলেও বলের সঙ্গে তাল মেলাতে পারছেন না। এই হচ্ছে বাংলাদেশের তিন ওপেনার বৃত্তান্ত। মিডল অর্ডারে সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতার সম্পূর্ণ ফল পাওয়া যাচ্ছে না। দলের গুরুত্বপূর্ণ সময় ভুল শট খেলে ফিরে যাচ্ছেন মুশফিক। ব্যাট হাতে প্রত্যাশামতো ধারাবাহিকতা দেখাতে পারছেন না সাকিব ও মাহমুদউল্লাহ।
বোলিংও উন্নতির জায়গা রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারই পাত্তা পাননি। ইংল্যান্ডের বিপক্ষেও কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারেননি মোস্তাফিজরা। অথচ বিশ্বের যেকোনো দলকে শক্ত চ্যালেঞ্জ জানানো সমর্থ রয়েছে বাংলাদেশের এই দলের। কিন্তু কোথায় যে বারবার তাল কেটে যাচ্ছে।
নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে অনেকটাই আহত বাঘ ওয়েস্ট ইন্ডিজ। আবার তাদের আত্মবিশ্বাসেও চিড় ধরেছে। এমন প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠতে হবে বাংলাদেশকেও। আসরে টিকে থাকা শুধু নয়, অনেক প্রশ্ন ও সমালোচনার জবাব দিতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সেসব জবাব কি আজ জয় দিয়ে দিতে পারবেন মাহমুদউল্লাহরা?





































