টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে শনিবার। সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনো ক্যারিবিয়দের বিপক্ষে জয় পায়নি ইংলিশরা। সর্বশেষ ২০১৬ সালের বিশ্বকাপের ফাইনালে তো ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের বৃত্ত থেকে এবার বের হল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ৬ উইকেটের দাপুটে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করল ইয়ন মরগানের দল।
এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। কোনো ব্যাটসম্যান দলের হাল ধরতে না পারলে উইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৫৫ রানে।
ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪.২ ওভারেই সবকয়টি উইকেট হারিয়ে বেশ লজ্জার রানের সংগ্রহ করে। ৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। জেসন রয় ১১ রান করে রবি রামপালের বলে ক্যাচ তুলে দেন ক্রিস গেইলের হাতে। দলের ৩০ রানে আকিল হোসেনের বলে জনি বেয়ারস্টো আউট হন। দুর্দান্ত ক্যাচ ধরেন বোলার। ষষ্ঠ ওভারে মঈন আলি আউট হন দলীয় ৩৬ রানে। লিয়াম লিভিংস্টোনকে আউট করেন আকিল, আবারও চোখ ধাঁধানো ক্যাচ তুলে। এক রান করে লিয়াম ফিরে যান দলীয় ৩৯ রানে। এরপর আর কোনো উইকেটের পতন ঘটেনি৷ ছয় উইকেট হাতে রেখে ৭০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংলিশরা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন দুইটি ও রবি রামপাল একটি উইকেট তুলে নেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মঈন আলি।































