ভারতের সফল অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে তিনি সরে আসবেন। দলে কেবল খেলোয়াড় হিসেবেই থাকবেন। কোহলির এ সিদ্ধান্তে রীতিমতো চমকে গিয়েছেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।
কোহলির এমন সিদ্ধান্তে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ভারতীয় বোর্ডের চাপে এ রকম সিদ্ধান্ত কি না। এই বিষয়টাও নিশ্চিত করেছেন সৌরভ। তিনি আশ্বস্ত করেন এই সিদ্ধান্ত কেবল কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত, বোর্ড কোনোভাবে চাপ দেয়নি।
সৌরভ বলেন, “আমি অবাক হয়েছিলাম। ও নিশ্চয়ই ইংল্যান্ড সফরের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের তরফ থেকে ওর ওপর কোনো চাপ দেওয়া হয়নি। আমরা ওকে কিছুই বলিনি কিংবা চাপও দিইনি। আমরা এ রকমটা করি না। কারণ, আমি নিজে একজন প্লেয়ার ছিলাম। ব্যাপারটা বুঝি।”
তিনি আরও যোগ করেন, “সব ফরম্যাটে দীর্ঘদিন অধিনায়কত্ব চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। আমি নিজে পাঁচ বছর অধিনায়ক ছিলাম। বাইরে থেকে বিষয়টা ভালো লাগে। কিন্তু প্লেয়াররা শারীরিক, মানসিক চাপে থাকে। এটা কেবল গাঙ্গুলী, ধোনি বা বিরাটের ক্ষেত্রে নয়। সামনে যে-ই অধিনায়ক হয়ে আসবে, তাকেও চাপ নিতে হবে।”






































