বাংলাদেশের টানা ৬ জয়ে ম্যাচসেরা সাকিব


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৭:৪৯ পিএম
বাংলাদেশের টানা ৬ জয়ে ম্যাচসেরা সাকিব

সাকিব আল হাসান, রেকর্ড, পুরস্কার- শব্দগুলো যেন খুব কাছাকাছি। বাংলাদেশের ধারাবাহিক পারফর্মার তিনি। বোলিং, ব্যাটিং সবক্ষেত্রে অনবদ্য নৈপুণ্য তার। দল মুখ থুবড়ে পড়লেও সাকিবেই যেন শেষ পর্যন্ত ভরসা করা যায়। দলের জয়ে তার অবদানের প্রমাণ দিয়েছেন বাংলাদেশের শেষ ছয় ম্যাচ জয়ে ম্যাচ সেরা হয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার নাঈম শেখের বিদায়ের পর লিটন দাসকে সঙ্গে নিয়ে হাল ধরেন সাকিব।

দেখে-শুনে দলের ভিত্তি মজবুত করতে থাকেন। সাকিব অর্ধশতক থেকে মাত্র ৪ রান দূরে থেকে আউট হন। দলীয় স্কোর তখন বেশ স্বস্তির, ১০১ রান। মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতক ও মোহাম্মদ সাইফুদ্দিনের ঝড়ো গতির ৬ বলে ১৯ রানের অবদানে ১৮১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাপুয়া নিউ গিনি ১৮২ রান তাড়ায় খেলতে নামলে বল হাতে প্রতিপক্ষকে আঘাত করেন সাকিবই। পিএনজির ৯৭ রানে গুটিয়ে যাওয়ায় সাকিব বেশ বড় ভূমিকা রাখেন। 

চার ওভার বল করে প্রতিপক্ষকে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও ওঠে সাকিবের হাতে। এর ফলে বাংলাদেশের শেষ ৬ জয়ে ম্যাচসেরার পুরস্কার গেল সাকিবের ঝুলিতে।

পিনজির বিপক্ষে ৮৪ রানের এ জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। 

Link copied!