বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো দলকে টপকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি সংস্করণে বিশ্বের বড় বড় দলকেও চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে দলটি। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছে, আফগান স্পিনার রশিদ খান নাকি জানিয়েছেন, আফগানিস্তান বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন তিনি।
তবে গণমাধ্যমের এমন খবরে চটেছেন ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার। তিনি বলেন, “আসলে আমিও অবাক হয়েছি, যখন এটা শুনেছি। সত্যি বলেতে, আমি কখনো এরকম কথা বলিনি যে, বিশ্বকাপ জিতলে আমি বিয়ে করব।”
আফগান এই স্পিনার আরো বলেন, “আমি বলেছি যে, আগামী কয়েক বছরে আমার অনেক খেলা আছে, তিনটি বিশ্বকাপ আছে। সুতরাং আমার ফোকাস বিয়ে করার চেয়ে ক্রিকেটের দিকেই বেশি থাকবে।”
এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররাই শাসন করবে বলে দাবি করেছেন রশিদ খান। তার কথায়, “আমি মনে করি এটা স্পিনারদের বিশ্বকাপ হতে যাচ্ছে। এখানকার উইকেট স্পিনারদের জন্য খুবই সহায়ক। এ কারণেই বেশিরভাগ দল তাদের বোলিং অ্যাটাক স্পিনার দিয়ে সাজিয়েছে।”





































