আইপিএলের প্রথম ম্যাচেই ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোট পান নিউজিল্যান্ডের ক্রিকেটার কেন উইলিয়ামসন। একাধিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তবে মাঠে খেলতে না পারলেও কেনকে সঙ্গে নিয়েই বিশ্বকাপে যাবে কিউইরা।
অধিনায়ক হিসেবে না থাকলেও কেনকে দলের সঙ্গে মেন্টর হিসেবে রাখতে পারেন বলে জানান নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের বুধবার সংবাদ সম্মেলনে উইলিয়ামসনকে বিশ্বকাপে মেন্টর হিসেবে জিজ্ঞাসা করা হয় স্টেডকে। উত্তরে নিউ জিল্যান্ড কোচ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।
তিনি আরও বলেন, “এই মুহূর্তে কেনকে নিয়ে আমাদের উপলব্ধি হলো, তাকে পাওয়ার সম্ভাবনা কম। তবে আমরা অবশ্যই তার মান এবং ক্যালিবারের একজন খেলোয়াড় যে কিনা দলে অনেক কিছু যোগ করে, তাকে হিসেবের বাইরে রাখতে চাই না।”
এর আগে কেনের চোট নিয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন, উইলিয়ামসনের এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। পরবর্তীতে তার অস্ত্রোপচার করতে হয়। সাধারণত এ ধরনের অস্ত্রোপচারের পর সেরে উঠতে ৬ মাস সময় লেগে যায়। এবারের ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে ভারতে। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হতে পারে।





































