আবুধাবি টেস্ট

হ্যাটট্রিকের রহস্য জানালেন হাসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ১১:৩৪ পিএম
হ্যাটট্রিকের রহস্য জানালেন হাসান

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে আফগানিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন এই পেসার।

নিজের সাফল্যের পেছনে সঠিক লাইন-লেংথ ও পরিকল্পনা অনুযায়ী বোলিং করাকে কৃতিত্ব দিয়েছেন তিনি, ‘সকালে যখন বোলিং শুরু করি দেখেছিলাম উইকেটে অনেক মুভমেন্ট ছিল। আমার পরিকল্পনা ছিল টপ অব অফে বল করা এবং সুইং করানো। নতুন বলে যত বেশি সম্ভব ব্যাটসম্যানকে খেলানোর চেষ্টা করেছি। সোজা বল করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সফল হয়েছি।’

তৃতীয় দিনের সকালে ৪ উইকেটে ২১১ রান নিয়ে খেলা শুরু করে আফগানিস্তান। হাসান ৫ ও এবাদত হোসেন ৪ উইকেট নিয়ে ২৪০ রানেই থামিয়ে দেয় তাদের। জবাবে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ১৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। সব মিলিয়ে বাংলাদেশের লিড এখন ৩২৯ রান।


বোলিংয়ে এবাদতের অবদানের কথাও তুলে ধরেছেন হাসান, ‘সকাল থেকে আমাদের বোলিং পার্টনারশিপটা খুব ভালো হয়েছে। এবাদত ভাই ভালো শুরু করেছেন। এরপর আমি অন্য প্রান্ত থেকে বোলিং করেছি। প্রথম সেশনেই ওদের অলআউট করে দিই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

চতুর্থ দিনে আরও রান যোগ করে আফগানিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার প্রত্যাশা হাসানের।

Link copied!