পবিত্র নগরী মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও দিয়েছেন কড়া বার্তা।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন কেয়া পায়েল। পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা ওই ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় দেখা যায় তাকে।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’
ওমরাহ পালনের অনুভূতি প্রকাশের পাশাপাশি নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও নিজের অবস্থান স্পষ্ট করেন কেয়া পায়েল। তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
অভিনেত্রীর এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেতিবাচক মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া কেয়া পায়েল নিয়মিতই সামাজিক মাধ্যমে নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। এবার পবিত্র কাবা শরিফের সামনে থেকে ওমরাহ পালনের অনুভূতি ভাগ করে নিলেন এই অভিনেত্রী।























