মোহাম্মদ সালাহর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৫১ পিএম
মোহাম্মদ সালাহর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা

লিভারপুল অধ্যায় চুকিয়ে বর্তমানে তুরস্কে নতুন জীবন শুরু করলেও পুরোনো এক ঝামেলায় আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন মোহাম্মদ সালাহ। যুক্তরাজ্যের একটি আদালতের রায়ে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষিদ্ধ হয়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড। মূলত গত মার্চ মাসে ঘটিত একটি ট্রাফিক সংক্রান্ত মামলার জেরে এই শাস্তি পেয়েছেন তিনি।

আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ চেশায়ারের উইলমসলু এলাকায় নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর সময় সালাহর মালিকানাধীন একটি রোলস-রয়েস গাড়ি স্পিড ক্যামেরার ধরা পড়ে। ৩০ মাইল প্রতি ঘণ্টা গতির ওই এলাকায় গাড়িটি ৩৬ মাইল গতিতে ছুটছিল। তবে কেবল অতিরিক্ত গতির জন্য নয়, বরং আইনগত জটিলতা তৈরি হয় অন্য কারণে।

চেশায়ার কনস্টেবলরির পক্ষ থেকে নোটিশ পাঠানো হলেও গাড়িটি ওই সময় কে চালাচ্ছিলেন—পুলিশকে সেই তথ্য প্রদানে ব্যর্থ হন সালাহ। এমনকি এ বিষয়ে কোনো জবাব বা নোটিশের কোনো সন্তোষজনক উত্তর না দেওয়ায় বিষয়টি ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে গড়ায়। পরবর্তীতে আদালত চালকের পরিচয় সম্পর্কিত তথ্য দিতে ব্যর্থ হওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে।

মামলার এই ঘটনাটির সময় বেশ তাৎপর্যপূর্ণ। লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার ঠিক তিন দিন পর এই ট্রাফিক লঙ্ঘনের ঘটনাটি ঘটেছিল। আদালতের রায়ে ড্রাইভিং নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাকে ১,০৪৪ পাউন্ড জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘ ৯ বছর অ্যানফিল্ডে বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষ করে চলতি গ্রীষ্মে তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরে নাম লিখিয়েছেন সালাহ। মাঠে নিজের চিরচেনা ছন্দেই আছেন ৩৪ বছর বয়সী মিসরীয় জাদুকর। সম্প্রতি গালাতাসারায়ের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকসহ ট্রাবজোনস্পোরের জার্সিতে মাত্র ৬ ম্যাচে ৭টি গোল করেছেন।
 

Link copied!