ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল দ্বারপ্রান্তে। ৪৮ দলের এ প্রতিযোগিতায় এখন কেবল চারটি দল টিকে আছে। আর বাকি মাত্র চার ম্যাচ। ফুটবলের বিশ্বসেরা চার দল সেমিফাইনালে মুখোমুখি। যাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবলবিশ্ব।
আজ দিবাগত রাত ১টায় স্পেন-ফ্রান্স অলিখিত ফাইনালে মাঠে নামছে। এর মধ্যেই আগুনে ঘি ঢেলে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো, ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশই নাকি অভিবাসী। তারা নাকি বিভিন্ন আফ্রিকান দেশের বংশোদ্ভূত। সেটাকেই স্পেনের বিপক্ষে প্রথম সেমিফাইনালের আগে প্রতিপক্ষকে আক্রমণের বিষয়বস্তু করেছেন স্প্যানিশ রাজনীতিবিদ মারিয়ানো। সাবেক স্প্যানিশ এ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ফ্রান্স দুর্দান্ত দল হলেও সেখানে কোনো ফরাসি খেলোয়াড় নেই।’
ডালাসে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রসঙ্গ তোলা হলে লামিন ইয়ামাল বিতর্ক এড়িয়ে ফুটবলকে ঐক্যের মেলবন্ধন হিসেবে বেছে নেন। প্রথম সেমিফাইনাল নিয়ে যে যত কথাই বলুক না কেন, আসল কথা ফুটবলনৈপুণ্যেই হবে বলে মনে করেন এ স্প্যানিশ তারকা।
ইয়ামাল বলেন, ‘আগামীকাল (আজ) আমরা দারুণ একটি ম্যাচ খেলব। ফুটবলের যদি কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেটি হলো— মানুষকে একত্রিত করা। ফ্রান্স ও স্পেন দুটি দেশই সমন্বয় ও অন্তর্ভুক্তির উদাহরণ। ফুটবলও সেটাই– অন্তর্ভুক্তি বা একীভূতকরণ। অন্য কেউ কী বলেছেন, তা নিয়ে কথা বলতে চাই না।
এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিয়ে গণমাধ্যমের সাক্ষাতে ‘ফ্রান্সের ভয় পাওয়া উচিত’ মন্তব্য করলেও ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিছুটা সংযত ইয়ামাল। ফ্রান্স-স্পেন উভয়ের আক্রমণ ও রক্ষণভাগ কতটা ভারসাম্যপূর্ণ সেই ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। সবাই এমন ম্যাচের অপেক্ষায় ছিল। দু'দলই আক্রমণ করবে, আবার রক্ষণও সামলাবে। নিশ্চিতভাবেই এটি খুবই সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’
প্রসঙ্গত, ইয়ামালের তারকাখ্যাতি নিয়ে কারও সন্দেহ নেই। তবে পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন ইয়ামাল, ‘প্রতিটি টুর্নামেন্টই আলাদা। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল, তাতে আমি মোটেই উদ্বিগ্ন নই। তিনি বলেন, আমরা জিতছি, এটাই বড় কথা। আমি এমন বিশ্বকাপও দেখেছি, যেখানে স্পেন বিদায় নিয়েছে। এবার এখন পর্যন্ত সেটা ঘটেনি। আশা করি আমরা আরও ম্যাচ খেলব, যাতে আমি আরও গোল করার সুযোগ পাই।’


































