দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামলেন নেইমার। আর মাঠে নেমেই ব্রাজিলের ফুটবল ইতিহাসে গড়লেন একটি অনন্য রেকর্ড।
স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। কাফ ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে সুস্থ হয়ে ফিরেই নিজের চতুর্থ বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার।
এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার।
এবার ২০২৬ আসরে মাঠে নামার মাধ্যমে তিনি ব্রাজিলের ইতিহাসে মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপের মূল পর্বে খেলার বিরল রেকর্ড গড়লেন।
নেইমারের আগে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার জালমা সান্তোস, ফুটবল সম্রাট পেলে এবং সাবেক অধিনায়ক কাফু।
দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরাটা নেইমারের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টের গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
সেই কঠিন সময় পেরিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই তারকা।
এদিকে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।



























