স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও, গ্রুপ সেরা হওয়ার পর সেলেসাওরা ইতিমধ্যেই জেনে গেছে তাদের শেষ ৩২-এর ম্যাচের সময় ও ভেন্যু।
আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে মাঠে নামবে তারা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের।
এই দৌড়ে সমীকরণের টেবিলে ঝুলে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচ দুটি শেষেই পরিষ্কার হবে ব্রাজিলের প্রতিপক্ষ।
কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন।




























