জীবনে আর কিছু চাওয়ার নেই: মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১১:৪৮ পিএম
জীবনে আর কিছু চাওয়ার নেই: মেসি

বিশ্বকাপের ইতিহাসে নতুন উচ্চতায় উঠে আরেকটি অধ্যায় লিখেছেন লিওনেল মেসি। মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরও তার মুখে ছিল না ব্যক্তিগত অর্জনের উচ্ছ্বাস; বরং ছিল দলের জয় আর সামনে এগিয়ে যাওয়ার তৃপ্তি। আর্জেন্টিনার জনপ্রিয় দৈনিক ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি কথা বলেছেন রেকর্ড, বয়স, শরীর, পরিবার আর ফুটবল উপভোগ করার দর্শন নিয়ে।

রেকর্ডের পর রেকর্ড গড়লেও মেসির কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলই বড়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাচ জেতা এবং গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করা। তার কাছে আনন্দের জায়গাটা সেখানেই।

মেসির ভাষায়, ম্যাচটি মোটেও সহজ ছিল না। প্রতিপক্ষ অস্ট্রিয়া শারীরিকভাবে খুব শক্তিশালী ছিল এবং অনেক সময় আক্রমণাত্মক ফুটবল খেলেছে। সেই চাপের মধ্যে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয়নি। তবে পরিস্থিতি বুঝে দল যেভাবে খেলেছে, সেটাই শেষ পর্যন্ত সাফল্য এনে দিয়েছে।

সাক্ষাৎকারে উঠে আসে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর প্রসঙ্গও। বয়স বাড়ার সঙ্গে শরীরের পরিবর্তন ও ক্যারিয়ারের শেষ সময় নিয়ে আলোচনা করতে গিয়ে মেসি বলেন, রোনালদো তার ক্যারিয়ারে একাধিক গুরুতর চোটের মধ্যে দিয়ে গেছেন। নিজের ক্ষেত্রে তিনি ভাগ্যবান বলেই মনে করেন। বড় কোনো ইনজুরি বা অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘ সময় খেলার সুযোগ পেয়েছেন, আর এটাকে তিনি নিজের ক্যারিয়ারের বড় সৌভাগ্য হিসেবে দেখেন।

৪০ ছুঁইছুঁই বয়সেও বিশ্বমঞ্চে আগের মতো প্রভাব রেখে যাওয়ার রহস্য কী? এমন প্রশ্নে মেসির উত্তর ছিল শান্ত, সরল এবং নিজের মতো করেই গভীর। তিনি কখনো বয়সের হিসাব করে মাঠে নামেন না। তার কাছে গুরুত্বপূর্ণ হলো শরীর কেমন অনুভব করছে। যতদিন শরীর সাড়া দেবে, ততদিন তিনি দলকে নিজের সেরাটা দিতে চান। নিজের ভাষায়, কোনো একসময় শরীর নিজেই বলে দেবে; এবার থাম। কিন্তু সেই মুহূর্ত এখনো আসেনি। এখনো তিনি খেলাটা উপভোগ করছেন এবং নিজের সেরা অবস্থায় থাকার চেষ্টা করছেন।

জন্মদিন সামনে রেখে কী চাইবেন; এই প্রশ্নে মেসির উত্তরেও ছিল পরিপূর্ণতার ছাপ। তিনি বলেন, জীবনে নতুন করে আর কিছু চাওয়ার নেই। ঈশ্বর তাকে প্রয়োজনের চেয়েও অনেক বেশি দিয়েছেন। এখন তার প্রার্থনা শুধু নিজের, পরিবারের এবং পাশে থাকা মানুষের সুস্থতা নিয়ে। সেই সঙ্গে এই সময়গুলো আরও গভীরভাবে উপভোগ করতে চান।

আর্জেন্টিনা দল নিয়েও ছিল মেসির বিশেষ প্রশংসা। তার মতে, এই দল বহু বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছে এবং প্রতিটি প্রতিযোগিতায় নিজেদের মান ধরে রেখেছে। প্রতিপক্ষ যেই হোক, এই দল প্রতিটি ম্যাচে প্রথম ম্যাচের মতো লড়াই করে। আর এই দলের অংশ হতে পারাটাই তার কাছে বিশেষ অনুভূতি।

একসময় তিনি বলেছিলেন, ঈশ্বর তাকে একদিন বিশ্বকাপ দেবেন। সেটা তিনি পেয়েছেন। দ্বিতীয় বিশ্বকাপের জন্যও কি প্রার্থনা করেন তিনি? সেই প্রসঙ্গ উঠতেই মেসি হাসিমুখে বলেন; আর বেশি চাওয়া ঠিক হবে না। তিনি বিশ্বাস করেন, যা পেয়েছেন তা অনেক বেশি। এখন কাজ শুধু এই মুহূর্তগুলো উপভোগ করা, ধাপে ধাপে এগিয়ে যাওয়া এবং সামনে যে প্রতিপক্ষ থাকবে, তাকে নিয়েই ভাবা।

Link copied!