৯ মাসের সেরা লেনদেন আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৫৬ পিএম
৯ মাসের সেরা লেনদেন আজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন।

বুধবার (৩ জুন) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ দশমিক ৪৫ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে এক হাজার ২৭৩ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন এক হাজার ২৭৯ কোটি টাকায় চলে এসেছে। এই লেনদেন গত ৯ মাসের মধ্যে সেরা।

অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের বেড়েছে ৩৫ দশমিক ৪৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪১ দশমিক ৬৬ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৯ দশমিক শূন্য সাত পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক সাত দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৫৭ দশমিক ১৪ পয়েন্টে।

গত বছরের ৮ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকা। সেখানে আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। যা গত ৯ মাসের মধ্যে সেরা লেনদেন হলো আজ। অবশ্য গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯ হাজার ৩৬৩ কোটি ৯২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৮৮ হাজার ৯০ কোটি ৮৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৯৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মীর আকতার হোসেনের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ২৮ কোটি ৭০ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের ২৩ কোটি ২৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ২০ কোটি ৪৭ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ২০ কোটি ২৪ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৮ কোটি ৮৭ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৪৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

Link copied!