বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেতে যাচ্ছে ভারত!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১১:৪২ পিএম
বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেতে যাচ্ছে ভারত!

২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর পেতে পারেন ভারতের ফুটবলভক্তরা। দেশটির সাবেক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ জানিয়েছেন, আগামী সপ্তাহেই ভারতে বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ঘোষণা আসতে পারে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রভাকরণ দাবি করেন, সম্প্রচার স্বত্ব নিয়ে আলোচনা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তিনি লেখেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আলোচনা সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহেই ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার সহযোগীর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘মাসের পর মাস অনিশ্চয়তার পর এখন সমর্থকরা নিশ্চিন্ত হতে পারেন। ভারতে পুরো বিশ্বকাপই দেখা যাবে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য প্রস্তুত হোন।'

বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এখনো পর্যন্ত ভারতে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপ ভারতীয় দর্শকরা নির্বিঘ্নে দেখতে পারবেন কি না, তা নিয়েই ছিল সবচেয়ে বড় প্রশ্ন।

চলতি মাসের শুরুতে দিল্লি হাইকোর্টে চলা এক শুনানিতে ভারতের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম প্রসার ভারতী জানিয়েছেন, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার দায়িত্ব তাদের নয়। এরপরই অনিশ্চয়তা আরও বেড়ে যায়।

তবে ফুটবলবিশ্বে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কারণে শেষ পর্যন্ত সমাধান আসবেই বলে আশাবাদী ছিলেন অনেকে। রয়টার্সের তথ্য অনুযায়ী, কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে ফিফার বৈশ্বিক দর্শকসংখ্যার ২.৯ শতাংশই ছিল ভারত থেকে, যদিও দেশটির জাতীয় দল বিশ্বকাপে অংশ নেয়নি।

এদিকে ভারতীয় ফুটবল ফেডারেশনও ভক্তদের উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে। যদিও সম্প্রচার স্বত্ব-সংক্রান্ত বাণিজ্যিক আলোচনা তাদের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে বলেও জানিয়েছে তারা।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপমহাসচিব এম সত্যনারায়ণ সম্প্রতি বলেছেন, 'বৈশ্বিক ফুটবল বাজারে ভারতের গুরুত্ব এতটাই বেড়েছে যে ফিফা কিংবা সম্প্রচারকারীদের জন্য এই বাজারকে উপেক্ষা করা কঠিন।'

এখন প্রভাকরণের সাম্প্রতিক সময়ের মন্তব্যে সেই আশাবাদই আরও জোরালো হয়েছে। যদিও এখন পর্যন্ত ফিফা কিংবা কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

Link copied!