ডালাস ফিরল না কলম্বোতে। দুই বছর আগের তিক্ত স্মৃতিকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান।
ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের মোহাম্মদ মহসিন বেশ আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, পাকিস্তানই ‘চাপে’ থাকবে তাদের বিপক্ষে। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর স্মৃতি মনে করিয়ে দিয়েই এ কথা বলেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার।
কিন্তু কলম্বোতে আজ পাকিস্তানকে মোটেই চাপে ফেলতে পারল না যুক্তরাষ্ট্র। ৩২ রানের জয়ে প্রতিশোধ নিয়েছে ২০২৪ সালে প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়া পাকিস্তান। আজ পাকিস্তান করেছিল ৯ উইকেটে ১৯০ রান। রান তাড়ায় যুক্তরাষ্ট্র থামে ৮ উইকেটে ১৫৮ রান তুলে। টানা দ্বিতীয় জয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল সাবেক চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল পাকিস্তান।
এই ম্যাচে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৃতিত্ব পাকিস্তানকে ২০০ করতে না দেওয়া। পাকিস্তানের উদ্বোধনী জুটি ৫ ওভারেই তুলে ফেলেছিল ৫৪ রান।
পাকিস্তানকে ২ শর কমে আটকে দিতে সবচেয়ে বড় ভূমিকা শ্যাডলি ফন শালভিকের। এই মিডিয়াম পেসার ষষ্ঠ ওভারে ২ উইকেট তুলে পাকিস্তানের রানের চাকা কিছুটা মন্থর করে দেন।
ষষ্ঠ ওভারের প্রথম বলেই ১৭ বলে ১৯ রান করা সাইম আইয়ুবকে আউট করেন তিনি, ওই ওভারের শেষ বলে ফেরান পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকেও (১ রান)। জোড়া এই আঘাতে একটু গতি হারালেও পাকিস্তানকে কক্ষপথে রাখেন ওপেনার সাহিবজাদা ফারহান।
এক প্রান্তে বাবর আজম ধরে খেললেও সাহিবজাদা ছিলেন মারমুখী। ২৭ বলে ৫০ পেয়ে যান। বাবর আজমের সঙ্গে ৫২ বলে ৮২ রানের জুটি হয় তাঁর। একপর্যায়ে ১৮ বলে ১৫ রান করা বাবর শেষ পর্যন্ত ৩২ বলে ৪৬ রান করে আউট হয়েছেন। ৪১ বলে ৭৩ রান করে আউট হয়ে যান ফারহানও।
তাঁদের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন শাদাব খান। ১২ বলে তাঁর ৩০ রানের ঝড়ের পর ২০০ পেরোনোটা কঠিন কাজ মনে হচ্ছিল না পাকিস্তানের জন্য। কিন্তু শেষ দিকে ৪ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে তা করতে পারেনি তারা। এর ২টি উইকেট নিয়ে ৪ উইকেট পেয়ে যান শালকভিক। ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও ৪ উইকেট পেলেন শালকভিক। আগের ম্যাচের মতো আজও ২৫ রান খরচ করেছেন ৩৭ বছর বয়সী এই বোলার।
২০০ পেরোতে না পারা পাকিস্তানকে শুরুতে ভয়ই ধরিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের ওপেনিং জুটি। ৪.৪ ওভার স্থায়ী সেই জুটি ৪২ রান তুলে ফেলে। কিন্তু আন্দ্রিস গৌওসকে আউট করে তা ভাঙেন মোহাম্মদ নেওয়াজ।
৫ ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের আগে ঘুড়ি উৎসব: লাহোরে কী করে এলেন আমিনুল
পরে যতই সময় গড়িয়েছে, একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান। এর মধ্যে প্রায় একাই লড়াই করেন শুভম রঞ্জানে, ৩০ বলে ৩ চার আর সমান ছক্কায় ৫১ রান করেন তিনি। যুক্তরাষ্ট্রের ১১ ব্যাটসম্যানের মাত্র ৪ জনই নিজেদের রান নিতে পেরেছেন দুই অঙ্কে। পাকিস্তানের স্পিনার উসমান তারিক নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৯০/৯ (সাহিবজাদা ৭৩, বাবর ৪৬, শাদাব ৩০; শালকভিক ৪/২৫)।
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৫৮/৮ (শুভম ৫১, শায়ান ৪৯, মিলিন্দ ২৯; তারিক ৩/২৭, শাদাব ২/২৬)।
ফল: পাকিস্তান ৩২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান।






































