টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল নিউজিল্যান্ড ও ভারত। পাকিস্তানের বিপক্ষে হারের পর নিউজিল্যান্ডের কাছেও হারে ভারত। তাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বিরাট কোহলিদের। এদিকে ভারতের বিপক্ষের এই ম্যাচটাই নাকি কাল হতে পারে কিউইদের জন্য। অদ্ভুত এক পরিসংখ্যানে এমনটাই দাবি করেছেন আজিঙ্কা ধামধেরে নামে একজন।
টুইটারে দামধেরে একটি পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউট পর্বের আগে ভারতের সঙ্গে খেলেছে এমন দল কখনো বিশ্বকাপ জেতেনি। নিচে পরিসংখ্যাটাও দিয়ে দিয়েছেন তিনি।
২০০৭ এর বিশ্বকাপে গ্রুপপর্বে ভারত মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেবার অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
পরের আসর, অর্থাৎ, ২০০৯ সালের আসরে গ্রুপপর্বে ভারতকে পেয়েছিল বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

পরের বছর তৃতীয় আসরে ভারতের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
চতুর্থ আসরে (২০১২) গ্রুপপর্বে ভারতের প্রতিপক্ষ হয়ে কপাল পুড়েছিল আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। এ বছর চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
২০১৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এবার ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আর সর্বশেষ ২০১৬ সালের আসরে ভারতের গ্রুপে পড়া দলগুলো হচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এবার শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
এবারের আসরে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান, আফগানিস্তান, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়া। এর মধ্যে নিউজিল্যান্ড গিয়েছে ফাইনালে। অন্যরা আগেই বাড়ির পথ ধরেছে। আগের বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় থাকলে কেন উইলিয়ামসনের কপালে ভাঁজ পড়তেই পারে। কারণ এবার গ্রুপপর্বে তারা ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল। অন্যদিকে অস্ট্রেলিয়া এবার ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায়নি। সেই হিসেবে অজিদেরই এবার বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি।


































