২০১৯ সালে ১৪ জুলাই—বিখ্যাত লর্ডসে সুপার ওভারে হেরে অধরা বিশ্বকাপ অল্পের জন্য ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। জারের হিসাবের ফাঁক গলে সেবার কিউইদের হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। বিশ্বকাপ না জেতার সেই দুঃখ আজও নিশ্চয়ই বয়ে বেড়ান কেন উইলিয়ামসনরা। আবারও অবশ্য তাদের সামনে বিশ্ব শিরোপা জেতার সুযোগ এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে আজ তাদের প্রতিপক্ষ সেই পুরোনো ইংল্যান্ড। আবুধাবিতে কি আজ ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার পথ পরিষ্কার করতে পারবে কিউইরা?
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ইংলিশ ও কিউই—উভয় দলই দারুণ ফর্মে আছে। সুপার টুয়েলভে তারা প্রত্যেকে ৪টি করে ম্যাচ জিতেছে। ইংলিশ শিবিরে দুঃসংবাদ হচ্ছে, জেসন রয় চোটে ছিটকে গেছেন দল থেকে। অন্যদিকে কিউইরা নিজেদের দিনে ১১ জনই তারকা। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন সবাই।
এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনালে ইংল্যান্ডের দেখা হওয়াটা সুখের ছিল না। আড়াই বছর আগে লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দুই দলই দুর্দান্ত খেলেছে। ক্রিকেটের নিয়মনীতি যখন দুই পক্ষকে পরাস্ত করতে পারছিল না, তখন বাউন্ডারির অদ্ভুতুড়ে এক আইনে শেষ পর্যন্ত স্বপ্ন শেষ হয় নিউজিল্যান্ডের। কিউইদের সামনে এখন সুযোগ সেই দুঃস্বপ্ন উপহার দেওয়া ইংলিশদের বিপক্ষে জয়ের মাধ্যমে মধুর প্রতিশোধ নেওয়ার।


































