• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

হয়রানিমূলক পোস্ট মুছে ফেলবে ফেসবুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৫:৩১ পিএম
হয়রানিমূলক পোস্ট মুছে ফেলবে ফেসবুক

তারকা বা বিখ্যাত ব্যক্তিদের যৌন হয়রানি করে এমন কনটেন্ট মুছে দেবে ফেসবুক। তারা তাদের ‘বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট’ পলিসিতে এই সংক্রান্ত কিছু পরিবর্তন এনেছে। 

বুধবার (১৩ অক্টোবর) প্রতিষ্ঠানটির বৈশ্বিক নিরাপত্তা প্রধান অ্যান্টিগোন ডেভিস এ তথ্য জানান। 

অ্যান্টিগোন ডেভিস তার একটি ব্লগপোস্টে বলেন, “নতুন এই পলিসিতে যৌন হয়রানি করার মতো ফটোশপে করা ছবি, ড্রইং অথবা শারীরিক কোনও অঙ্গভঙ্গির ছবি প্রকাশের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যৌন হয়রানি করে এমন কমেন্ট এবং ধারাবাহিকভাবে কাউকে আক্রমণ করা এসব বিষয়ও আছে পলিসিতে।”

ডেভিস আরও বলেন, “বিভিন্ন ক্ষেত্রের তারকারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করেন মূলত তাদের গণসংযোগ বাড়ানোর জন্য। কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে আক্রমণ অনেকটাই তাদের বিরুদ্ধে অস্ত্র দাঁড় করানোর মতো যা আসলে অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক।”

তারকাদের পাশাপাশি সাংবাদিক ও অধিকারকর্মীদেরও এ সেবা দেওয়া হচ্ছে বলে জানান ডেভিস। তিনি বলেন, “নিজ নিজ ক্ষেত্রে কাজের জন্য সাংবাদিক ও অধিকারকর্মীরা অনলাইনে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা কাউকে হয়রানি–নির্যাতনের ক্ষেত্রে ফেসবুককে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেব না।”

পলিসিতে জানানো হয়েছে, এমন কোনও আক্রমণ যা তাদের সরাসরি বিপদের কারণ সে কনটেন্ট মুছে ফেলবে অনলাইন কর্তৃপক্ষ। এমন কি তা যদি ফেসবুকের কনটেন্ট পলিসিকে লঙ্ঘন না করে তবুও তা বাতিল করা হবে। এই পলিসি ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ের পোস্ট এবং মেসেজ দুই ক্ষেত্রেই কার্যকর হবে।

ফেসবুক জানায়, জনপ্রিয় তারকা, রাজনীতিবিদ এবং কনটেন্ট ক্রিয়েটর এমন কাউকে যৌন হয়রানি করার মতো প্রোফাইল, পেজ, গ্রুপ এবং ইভেন্ট এমন যেকোনো কিছুই মুছে দেবে তারা।

একই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ রাষ্ট্র-সম্পর্কিত ও যেসব অ্যাকাউন্ট সংঘবদ্ধভাবে হয়রানির সঙ্গে যুক্ত কিংবা কারও কণ্ঠরোধে ব্যবহার হচ্ছে সেসব অ্যাকাউন্ট বন্ধ করতে শুরু করেছে বলেও জানান ডেভিস। 
 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!