কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর মাধ্যমে দিন দিন প্রযুক্তির উৎকর্ষতায় পৌঁছে যাচ্ছে পৃথিবী। এবার আবহাওয়ার পূর্বাভাসের পেতেও সহায়তা দিবে এই প্রযুক্তি।
বিবিসি জানায়, এআই এর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার নতুন উপায় বের করেছেন গুগলের মালিকানাধীন লন্ডনের এআই ল্যাব ডিপমাইন্ড, ইউনিভার্সিটি অফ এক্সেটার এবং যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিসের গবেষকরা।
জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তন বোঝা যেমন দুষ্কর হয়ে উঠেছে তেমনি পরিবর্তন হয়েছে প্রাকৃতিক দুর্যোগের গতিপ্রকৃতি।
তাই বর্তমান প্রযুক্তিতে আগামী ছয় ঘণ্টা থেকে দুই সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলেও তা অনেক সময় সঠিক তথ্য দিতে পারে না।
তবে ‘নাওকাস্টিং সিস্টেম’ নামের এই নতুন প্রযুক্তিতে তাৎক্ষণিকভাবে আগামী এক থেকে দুই ঘণ্টার এমনকি আসন্ন ঘূর্ণিঝড় আর বন্যার পূর্বাভাসও পাওয়া যাবে।
শতকরা ৮৯ ভাগ ক্ষেত্রেই এআই সিস্টেমটি সঠিক পূর্বাভাস দিতে পারে। তাই স্বল্প সময়ে নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস মানুষকে নিরাপদে থাকতে সাহায্য করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ এ প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।







































