চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মহিন উদ্দিন (২৪) নামে এক যুবক আরব আমিরাতের দুবাই আবু সাকারায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি নিহত হন। নিহত মহিন হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্বপুর (উত্তর) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের সফিউল্যাহ ছেলে।
আরব আমিরাতের আবুদাবিতে থাকতেন মহিন উদ্দিন। তিনি সেখানে ফার্নিচার ও পর্দার কাপড় সাপ্লাইয়ের দিতে গিয়ে পথে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় বাসিন্দা মীর হোসেন জানান, চার মাস আগে আহাম্মদপুর গ্রামের আসকর বাড়ির যুবক মহিন নতুন বিয়ে করে ছুটি কাটিয়ে দুবাই ফিরে গিয়েছিলেন। মহিনেরা তিন ভাই চার বোন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মহিনের বাবা সফিউল্যাহ বলেন, “ছেলেকে বিয়ে করিয়েই বিদেশ পাঠিয়েছি। তার ভাগ্য এমন হবে ভাবতেও পারিনি। ঘটনার পরপরেই আমরা তার সহকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। এখন শুধু ছেলের লাশটা চাই।”








































