সবজিতে স্বস্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ১০:৫৫ এএম
সবজিতে স্বস্তি

সপ্তাহের শেষ দিন শুক্রবার সকালে রাজধানীর বড় বড় কাঁচাবাজারে কেনাকাটার চাপ থাকলেও সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি অনুপস্থিত। ভারত থেকে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কিছুটা হাতের নাগালে এলেও মাছ, মুরগি, ডিম ও মসলার চড়া দামে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্তের।

প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বাজারে ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে (পাইকারি ৬০-৭০ টাকা)। পেঁপে, ঢেঁড়স ও পটোল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকার মধ্যে। আলু ২৫-৩০ এবং দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকায় মিললেও বেগুন ও টমেটো এখনো ১০০-১৪০ টাকা কেজি।

অন্যদিকে শস্য ও ডালের দাম কিছুটা স্থিতিশীল। কারওয়ান বাজারের পাইকারি তালিকা অনুযায়ী, মিনিকেট চাল কেজিপ্রতি ৮০ (পাইকারি ৭৭ টাকা) এবং ২৮ চাল ৬০ টাকায় (পাইকারি ৫২ টাকা) বিকোচ্ছে। ভালো মানের মসুর ডাল খুচরায় ১৪৫ এবং সাধারণ মসুর ডাল ৭০ টাকায় কেনাবেচা হচ্ছে। এ ছাড়া মুগ ডাল ১৫০ ও ছোলা ৯৫ টাকা কেজিতে স্থিতিশীল রয়েছে।

বাজারে ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৮০-২০০ এবং সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা। সাধারণ তেলাপিয়া বা পাঙাশ মাছ কিনতে গেলেও কেজিপ্রতি ২৪০-২৬০ টাকা গুনতে হচ্ছে, আর মধ্যবিত্তের পছন্দের রুই মাছের কেজি উঠে গেছে ৩৮০-৪২০ টাকায়।

‎চাল-ডাল ও সবজির এই সামান্য স্বস্তিকে আড়াল করে দিচ্ছে প্রোটিন ও মসলাজাতীয় খাদ্যের অস্বাভাবিক দাম। খুচরায় প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে রেকর্ড দামে ৪ হাজার ৬০০ টাকায় (পাইকারি ৪ হাজার ৪০০ টাকা)। এ ছাড়া সাদা ও কালো গোলমরিচ ১২৫০-১৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি দিয়ে দারচিনি ৫০০ টাকা এবং জিরা প্রতি কেজি ৬০০ টাকায় নেমে এসেছে।

গত বছর ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকায় বিক্রি হওয়া এলাচের দাম কেজিতে প্রায় ৩০০-৭০০ বেড়ে বর্তমানে ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৬০০ টাকায় উঠেছে। গত বছর ৯৫০ থাকা গোলমরিচ কেজিতে ৩০০-৩৫০ টাকা বেড়ে বর্তমানে ১২৫০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজার ও আমদানিতে ইতিবাচক পরিবর্তনের কারণে জিরার দাম গত বছরের চড়া বাজার (৭০০ থেকে ১ হাজার ১০০ টাকা) থেকে কেজিতে ১০০-৫০০ কমে ৬০০ টাকায় নেমেছে। দারচিনির দামও কেজিতে ৪০-১০০ কমে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

তবে গুয়াতেমালা ও ভারতে এলাচের উৎপাদন মন্দা, ডলারের বিনিময় মূল্য এবং আমদানিকারক-পাইকারি সিন্ডিকেটের অতিরিক্ত হাতবদলের কারণে এলাচ ও গোলমরিচের দর এখনো উঁচুতে। ক্ষুব্ধ ক্রেতাদের মতে, বাজার তদারকি সংস্থাগুলোর নিয়মিত অভিযান এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজি রোধ না করা গেলে এই জাঁতাকল থেকে সাধারণ মানুষের মুক্তি নেই।

নিউ মার্কেটে বেসরকারি চাকরিজীবী জিয়াউদ্দীন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘সবজিতে কিছুটা ছাড় মিললেও মাছ-মাংসের বাজারে যাওয়াই যাচ্ছে না। তেলাপিয়া আর পাঙাশ মাছও এখন ২৫০ টাকা কেজি! প্রোটিনের ও মসলার বাজেট যেভাবে বাড়ছে, তাতে কাটছাঁট করা ছাড়া উপায় দেখছি না।’

Link copied!