দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ১২:১২ এএম
দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

দেশের দুটি প্রকল্পে এক কোটি ২০ লাখ ইউরো বা প্রায় ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি। এজন্য দুটি পৃথক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. রোকসানা তারান্নুম এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গমবার্ট চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্র তীরবর্তী ম্যানগ্রোভ এবং সোয়ার্ম বন রক্ষায় নেওয়া একটি প্রকল্প এবং এনার্জি ইফিসিয়েন্সি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।

সমঝোতা স্মারকের আওতায় ফরেস্ট প্রকল্পে অনুদান সহায়তার পরিমাণ ৫০ লাখ ইউরো বা প্রায় ৭১ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটি মৎস্য অধিদপ্তর এবং বন অধিদপ্তর যৌথভাবে বাস্তবায়ন করবে। এর প্রধান উদ্দেশ্য— দেশের নির্বাচিত উপকূলীয় জনগোষ্ঠীর মাধ্যমে সামুদ্রিক ও উপকূলীয় সম্পদের সুরক্ষা, পুনরুদ্ধার এবং টেকসই ব্যবহার জোরদার করা।

বিদ্যুৎ প্রকল্পটির জন্য জার্মান সরকারের অনুদান সহায়তার পরিমাণ ৭০ লাখ ইউরো বা প্রায় ১০০ কোটি ১২ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগের আওতাধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এবং শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রকল্পটি বাস্তবায়ন করবে। সরকারি ও বেসরকারি উভয় খাতের অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার হ্রাস করা এ প্রকল্পের মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জার্মান সরকার ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। এ পর্যন্ত জার্মান সরকারের আর্থিক ও কারিগরি সহায়তার মোট পরিমাণ প্রায় চার বিলিয়ন ইউরো। বর্তমানে ১০ কোটি ৯৬ লাখ ২০ হাজার ইউরো অনুদান সহায়তায় ১৯টি প্রকল্প চলমান।

Link copied!