দেশ গড়ার চাবি আপনার হাতে, সঠিকভাবে ব্যবহার করুন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:৪৮ পিএম
দেশ গড়ার চাবি আপনার হাতে, সঠিকভাবে ব্যবহার করুন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আগামী জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “দলে দলে, সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে ভোট দিন। আপনার মূল্যবান ভোট নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দেবে। দেশের চাবি আপনার হাতে—সঠিকভাবে ব্যবহার করুন।”

তিনি আশা প্রকাশ করেন, এবারের ভোটের দিনই “নতুন বাংলাদেশের জন্মদিন” হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। তিনি বলেন, “আসুন, উৎসবমুখর নির্বাচন বাস্তবে রূপ দিয়ে এই দিনটিকে স্মরণীয় করে তুলি।”

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এই ভোট শুধু সরকার নির্বাচন করবে না; ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠন করবে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হলেও আপনারা আশা হারাননি—আজ সেই ইতিহাস বদলে দেওয়ার মুহূর্ত।”

নারী ভোটারদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণআন্দোলনে নারীরা ছিলেন অগ্রণী। জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধাও ছিলেন তারা। ক্ষুদ্রঋণ, কুটির শিল্প ও নারী উদ্যোক্তা তৈরিতে নারীর সফলতা দেশের অর্থনীতির শক্ত ভিত।”

তিনি আরও বলেন, “ঘর ও রাজপথে সংগ্রাম করে সমাজ ও পরিবারকে ধরে রেখেছেন নারীরা, অথচ রাষ্ট্রীয় সিদ্ধান্তে মত প্রকাশের সুযোগ দীর্ঘদিন পাননি। এই নির্বাচন তাদের জন্য নতুন সূচনা তৈরি করবে।”

Link copied!