বগুড়ায় বাসচাপায় নিহত ৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ১২:৩৯ পিএম
বগুড়ায় বাসচাপায় নিহত ৬

বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। 

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন, আমিরুল, নূর আলম, আব্দুস ছামাদ ও বেলাল। তাদের সকলেই গাইবান্ধা জেলার বাসিন্দা।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোর ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া অংশে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা শ্রমিকদের বাজারে ঢুকে যায়। এ সময় সেখানে কাজের অপেক্ষায় ছিলেন প্রায় ২৫ থেকে ৩০ জন ধানকাটার শ্রমিক।

ওসি ইব্রাহীম আলী জানিয়েছেন, বাসচাপায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৩ জন।

হতাহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত আরও ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে সড়ক দুর্ঘটনার পর, সড়কে স্পিড ব্রেকারের দাবিতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুপাশে অন্তত ৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে।

Link copied!