বাংলাদেশ পাঁচটি যুদ্ধজাহাজ যুক্তরাজ্য থেকে কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
আব্দুল মোমেন বলেন, “যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু আমরা নীতিগতভাবে সম্মত যে, পাঁচটি জাহাজ নেব। এগুলোর মধ্যে তিনটি যুক্তরাজ্যে তৈরি হবে আর বাকি দুটি বাংলাদেশে তৈরি হবে।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন আরও বলেন, “আগামী বছর দুদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন নিয়েও আলোচনা হয়েছে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুক্তরাজ্যে অবস্থানরত সাজাপ্রাপ্ত অপরাধীদের ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে।”
আব্দুল মোমেন আরও বলেন, “আমরা বলেছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল অপরাধী ও খুনিকে ফেরত দিতে হবে।”

























