জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য গভীর সংকট তৈরি করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শুক্রবার (৫ নভেম্বর) সংগঠনটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে তারা আকস্মিক ঘোষণায় জ্বালানি তেলের মূল্য বাড়ানোকে অবিবেচনাপ্রসূত ও অমূলক বলে তা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, “এমনিতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক চড়া, তার মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় নির্বাহে যে চাপ তৈরি করবে, তা হবে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো। করোনা অতিমারির অভিঘাতে মানুয়ের আয় অনেক কমে গেছে। সমীক্ষা মতে, নতুন দরিদ্রের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। এখন নতুন করে জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্য মূল্য বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে। ফলে ব্যয় নির্বাহে সাধারণ মানুষের জন্য গভীর সংকট তৈরি করবে।”
নেতারা আরও বলেন, “জ্বালানি তেলের ওপর আরোপিত বর্তমান শুল্ক হার কমিয়ে এই মূল্য বৃদ্ধি এড়ানো যেত। সরকার বিভিন্ন সময়ে বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ালেও বিশ্ববাজারে যখন কমেছিল তখন দেশে তারা কমায়নি বা সমন্বয় করেনি। এখন আবার বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি মূল্য বাড়াল, যা মোটেও গ্রহণযোগ্য নয়।”



































