সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার, এক জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:০৫ পিএম
সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার, এক জন নিহত

ঢাকা সদরঘাটে দুটো লঞ্চের চাপায় পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রীর প্রাণ গেছে, গুরুতর আহত হয়েছেন আরো একজন।

ঈদযাত্রার ভিড়ের মধ্যে বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনায় আরো ২-৩ জন নিখোঁজ রয়েছেন বলে কোতোয়ালি থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ জানিয়েছেন।

সেখানে আসলে কী ঘটেছিল, তার একটি বিবরণ পাওয়া যায় ঘটনার প্রত্যক্ষদর্শী সম্রাট হাওলাদারের কথায়।

তিনি বলেন, বিকাল ৫টার দিকে একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার জন্য পেছাতে (ব্যাকগিয়ার) শুরু করলে দুই লঞ্চের চাপায় পড়ে যায় ইঞ্জিনচালিত নৌকাটি।

“দুই লঞ্চের চাপায় একজন যাত্রীর পা টুকরো হয়ে কেটে যায়। আরেকজন যাত্রী পিষ্ট হয়ে পানিতে পড়ে যায়।”

সম্রাট বলেন, “এই ঘটনা সবাই দেখেছে। ট্রলার যখন লঞ্চের নিচে পড়ে, তখন সাত থেকে আটজন যাত্রী ছিল। যখন লঞ্চের নিচ থেকে ট্রলার বের হয়, তখন কোনো যাত্রী ছিল না। তারা কোথায় গেল জানা যায়নি।”

কোতোয়ালি থানার ওসি বলেন, “হাসপাতালে আমরা একজনের লাশ পাইছি। আরেকজন ক্রিটিকালি ইনজুরড। আর কমপক্ষে ২-৩ জন নিখোঁজ।”

দুর্ঘটনার পর সদরঘাটে সাধারণ যাত্রীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তবে পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!