তিথি সরকারের বিচার শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৪:২৯ পিএম
তিথি সরকারের বিচার শুরু

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথি সরকারের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে শুরু হলো এ মামলার বিচারকার্য।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেইসঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেন। 

অপরদিকে তিথি সরকারের স্বামী শিপলু মল্লিককে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

গত বছরের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ বলা হয়, আসামি তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণী বিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম কটূক্তি করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

আসামি তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (জবি) শাখার দপ্তর সম্পাদক ছিলেন। ইতোমধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে সংগঠক থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই অভিযোগে গত ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। 
 

Link copied!