দণ্ডিতদের হাজতবাস কারাদণ্ডের সময় থেকে বাদ যাবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৫:৪৭ পিএম
দণ্ডিতদের হাজতবাস কারাদণ্ডের সময় থেকে বাদ যাবে

দণ্ডিত আসামি যেদিন গ্রেপ্তার হয়েছেন সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন কারাগারে ছিলেন (হাজতবাস), তা মোট সাজা থেকে বাদ যাবে। একইসঙ্গে প্রতিটি মামলার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য বলে আদেশ মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২৬ বছর ধরে কারাবন্দি যাবজ্জীবন দণ্ডিত এক আসামির লিভ টু আপিল পর্যবেক্ষণসহ খারিজ করে এ আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ রায়হান চৌধুরী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ইউনুছ আলী নামে এক আসামিকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

পরে ইউনুছ আলীর আইনজীবী আপিল বিভাগকে জানান, এরই মধ্যে ইউনুছ আলী ২৬ বছর হাজত খেটেছেন। একটা কারণে প্রচলিত সিআরপিসির ৩৫ (ক) ধারায় বলা হয়েছে, বিচারকালীন আসামি যতদিন হাজতবাস করবে; হাজতবাসের এ সময় মূল সাজা থেকে বাদ যাবে। এক্ষেত্রে ইউনুছ আলীর রায়ে ৩৫ (ক) ধারা উল্লেখ করা ছিল না। পরে উচ্চ আদালতে আতাউর রহমান মৃধার রায়ে উল্লেখ করা হয়েছে, ৩৫ (ক) ধারার সুযোগটি আসামিরা পাবেন। 

এ বিষয়ে আপিল বিভাগ বলেছেন, হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ যাবে। আদালত আসামি ইউনুছ আলী হাজতকালীন ও কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ শেষ হয়ে যায়, তাহলে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

১৯৯৫ সালের জুন মাসে নাটোর সদর উপজেলার চকপাড়ায় হত্যা মামলায় সেনবাগ লক্ষ্মীকোল এলাকার আফছার মন্ডলের ছেলে ইউনুছ আলীসহ দুই জনকে ২০০২ সালের ১৭ নভেম্বর বিচারিক আদালত মৃত্যুদণ্ড দেন। বাকি ৮ জনকে যাবজ্জীবন দণ্ড দেন।

আপিলের পর ২০০৫ সালের ২৯ আগস্ট ইউনুছ আলীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করে ইউনুস আলী। যেটি আজ (সোমবার) পর্যবেক্ষণসহ খারিজ করে দেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!