‘উন্নয়নের যাত্রাকে পিছিয়ে রাখতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে স্বাধীনতাবিরোধী চক্র’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৯:৪৬ পিএম
‘উন্নয়নের যাত্রাকে পিছিয়ে রাখতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে স্বাধীনতাবিরোধী চক্র’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, “উন্নয়নের যাত্রাকে বাধাগ্রস্ত এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে রাখার জন্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে স্বাধীনতাবিরোধী চক্র।”

রোববার (২৮) কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, “স্বাধীনতাবিরোধী একটি চক্র এবং তার দোসররা একসঙ্গে হয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা চায় দেশকে পিছিয়ে দিতে এবং মানুষের আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে। কিন্তু এ দেশের দেশপ্রেমিক আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সাধারণ মানুষ তা সফল হতে দেননি।”

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “কী দোষ করেছিল মেট্রোরেল স্টেশনের, কী দোষ করেছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, কী দোষ ছিল সিটি করপোরেশনের আবর্জনা পরিষ্কারের যানবাহনের? মেট্রোরেলে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ যাতায়াত করে। সে মেট্রোরেল স্টেশনে আজ ভাঙচুর করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের আবর্জনা পরিবহন গাড়ি প্রতিদিন ময়লা পরিষ্কার করে ঢাকা মহানগরীর মানুষকে স্বস্তিকর জীবন দিচ্ছে, সে আবর্জনা পরিবহনকারী ড্রাম ট্রাকগুলো আগুন দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এতেই বুঝা যায়, এরা দেশের শত্রু, এরা দেশের অগ্রগতি সহ্য করতে পারে না।”

চলমান নাশকতায় দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতির পরিমাণ এবং এ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, “চলমান সহিংসতায় ঢাকা সিটি করপোরেশনের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা অনুমেয় হলেও সামগ্রিকভাবে এই ক্ষতির পরিমাণ অনেক। নাশকতায় দক্ষিণ সিটি করপোরেশনের যে ক্ষতি হয়েছে, তা পূরণে মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন যুগপৎভাবে কাজ করবে। দ্রুততম সময়ের মধ্যে এই ক্ষতি কাটিয়ে উঠতে মন্ত্রণালয়, সিটি করপোরেশনের মেয়রসহ সকল কাউন্সিলররা ঐক্যবদ্ধ।”

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানসহ স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!