‘শাটডাউনে’ অর্থনীতির বড় ক্ষতিতে শঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৯:৩১ পিএম
‘শাটডাউনে’ অর্থনীতির বড় ক্ষতিতে শঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা

সাম্প্রতিক ‘শাটডাউনে’ দেশের অর্থনীতিতে ক্ষতি হয়েছে ১০ বিলিয়ন ডলারেরও বেশি (প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা)। পাশাপাশি কম দামে দ্রুত বিক্রি হওয়া পণ্যখাতে (ফাস্ট মুভিং কনজিউমারস গুডস-এফএমসিজি) পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ডলারের বেশি। একইসঙ্গে সরবরাহ শৃঙ্খলসহ একই খাতের অন্যান্য কার্যক্রমেও পড়েছে নেতিবাচক প্রভাব।

এমন তথ্য জানিয়েছে বাংলাদেশে ব্যবসারত বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে রোববার (২৮ জুলাই) সাক্ষাৎ করে ফিকি প্রতিনিধি দল।

পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শাটডাউনের কারণে রপ্তানিমুখীখাতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, লজিস্টিকস, অবকাঠামো, টেলিকম, ই-কমার্স, তথ্যপ্রযুক্তি খাতসহ দেশের প্রায় সব অর্থনৈতিক খাত।

এমন পরিস্থিতিতে নিজেদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিনিয়োগকারীরা অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন। সেই সঙ্গে পণ্যের ছাড়করণ, উৎপাদন কার্যক্রম পরিচালনায় নানামুখী চ্যালেঞ্জের কারণে ব্যবসা পরিচালনার খরচও বেড়ে যাচ্ছে।

ফিকির সভাপতি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতারের স্বাক্ষর করা সেই বিবৃতিতে পরিস্থিতি উত্তরণে সরকারের প্রতি বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফিকি সদস্যদের বিনিয়োগ করা দেশের অন্তত ২১টি বাণিজ্যিক খাতের জন্য পূর্ণগতির মোবাইল ইন্টারনেট পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে দ্রুত ইন্টারনেট পরিষেবা, বিশেষত মোবাইল ইন্টারনেট পূর্ণগতিতে চালু করার সুপারিশ করা হয়। 

একইভাবে বাংলাদেশে কর্মরত দেশি বিদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে কারফিউ প্রত্যাহারে সরকারের প্রতি অনুরোধ জানায় ফিকি। পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার স্বার্থে কারফিউ পাসের পাশাপাশি কোম্পানির আইডি কার্ড দেখিয়ে কর্মীদের স্বাভাবিক চলাফেরার সুযোগ দেয়ার সুপারিশ করেছে সংগঠনটি।

এদিকে, বিভিন্ন বন্দরে দ্রুত পণ্য ছাড়করণ এবং পণ্য জাহাজীকরণের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি যে সব পণ্য ১৮ জুলাইয়ের আগে ছাড় করা সম্ভব হয়নি, সেগুলোর ব্যাপারে সব ধরনের জরিমানাও মওকুফের আহ্বান জানায় ফিকি।

তাছাড়া সাম্প্রতিক ঘটনাবলীতে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে দীর্ঘমেয়াদে এই ভাবমূর্তি পুনরূদ্ধারের ব্যাপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ফিকির তরফে। সংগঠনটি জানায়, বিদেশি ঋণদাতাদের আত্মবিশ্বাস পুনরায় ফেরানো প্রয়োজন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!