আগামী তিন দিন সরকারি অফিসের কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন সূচি অনুযায়ী, রোব, সোম ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এতে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক জানায়, রোববার থেকে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে বিকেল তিনটা পর্যন্ত।
এর আগে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, রোববার-মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস চলবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে তিন দিন সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) থেকে সীমিত পরিসরে চালু হয় অফিস। বুধ ও বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে। এবার সেই সময়সূচিতে পরিবর্তন আনল সরকার।


































