এবার ‘রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের’ অভিযোগে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব নুরুল হক নূর ও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলার ওই আবেদন করা হয়।
সাম্প্রদায়িক হামলার নির্দেশ ও এতে উসকানির অভিযোগে এ মামলার আবেদন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুন। মামলার এ আবেদন সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, “এটি রাজনৈতিক বিষয়। যাচাই-বাছাই করে আমরা মামলা নেব।”
মামলার আবেদনে বলা হয়, সম্প্রতি দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে এবং নুরুল হক ও রেজা কিবরিয়ার নির্দেশে চট্টগ্রামের জে এম সেন হলসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা চালান গণ অধিকার পরিষদ নামের জঙ্গি ও সাম্প্রদায়িক সংগঠনের স্থানীয় কতিপয় নেতা।
এ ঘটনার পরপরই যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ফেসবুক লাইভে এসে ওই ঘটনা অস্বীকার করে দেওয়া এক বক্তব্যে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন।






























