রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে খালেদাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে জানায় বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের প্রেস উইং।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
আজ বিকেল চারটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় সম্পর্ক অবগত করবেন তিনি।
খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তাকে দেখতে রোববার (২৪ অক্টোবর) যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলে যান। এখনো তিনি হাসপাতালে আছেন বলে জানা গেছে।
কোকোর স্ত্রী ঢাকায় এসেছেন তা পত্রিকায় দেখেছেন, তার সঙ্গে কোনো যোগাযোগ বা কথাবার্তা হয়নি বলে জানান খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “কোকোর স্ত্রী এসেছেন এ বিষয়টি আমার জানা নেই। আর কখন গেলেন তাও জানি না। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।”
গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।






























