ঢাকা-দিল্লি ফ্লাইট সপ্তাহে ৫ দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৩:৩০ পিএম
ঢাকা-দিল্লি ফ্লাইট সপ্তাহে ৫ দিন
ফাইল ছবি

মহামারি করোনার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে আকাশপথ। এরই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে ভারতের দিল্লির সঙ্গে বিমানের ফ্লাইট চলাচলে নতুন শিডিউল ঘোষণা করেছে। 

এবার বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা থেকে দিল্লি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে ৫ দিন চলাচলের ঘোষণা দিয়েছে।

বুধবার (২০ অক্টোবর) থেকে ভারতে সপ্তাহে পাঁচটি করবে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, এর আগে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হতো। আজ (বুধবার) থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। এখন থেকে এই সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালিত হবে।

এখন থেকে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রোববার ও সোমবার ফ্লাইট চলবে। একই দিন আবার যাত্রী নিয়ে ফ্লাইট ঢাকায় ফিরবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকে এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট সংখ্যা সপ্তাহে দুটি থেকে বাড়িয়ে চারটির ঘোষণা দেয় বিমান। এই রুটে প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলাচল করবে।  

এদিকে বাবল চুক্তির আওতায় দিল্লি থেকে ঢাকা যেতে কিংবা ঢাকা থেকে দিল্লি আসতে হলে প্লেন যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ রিপোর্ট নিতে হয়।

Link copied!