‘গণ-অভ্যুত্থানের দিবাস্বপ্ন রঙিন খোয়াবে পরিণত হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০২:০৯ পিএম
‘গণ-অভ্যুত্থানের দিবাস্বপ্ন রঙিন খোয়াবে পরিণত হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে।” 

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

সরকারকে আর সময় দেওয়া যায় না—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এ দেশের জনগণ, আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ এবং দেশের ভোটার।”

ওবায়দুল কাদের আরও বলেন, “জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে। কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। বিএনপি এখন প্রেসক্লাবের ভেতর রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “প্রিন্টিংয়ের জন্য প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম ১০ অক্টোবর শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণকাজ শেষ হবে।”

গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটিএসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!