বাংলাদেশ করোনার টিকা তৈরি করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। আর সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
শেখ হাসিনা বলেন, “আমরা দেখি যেকোনো একটা মহামারি আকারে দেখা দিলে সেখানে কিছু শ্রেণি আছে তারা তাদের আর্থিক লাভ লোকসানটার দিকে যত বেশি তাকায়, ঠিক মানুষের দিকে অত তাকায় বলে আমার মনে হয় না। এটা শুধু আমার দেশে বলে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা আমরা লক্ষ করি। যে কারণে এটাকে (টিকা) আমি সার্বজনীন করার জন্য বলেছি। শুধু তাই না আমি এটাও বলেছি বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত।”
প্রধানমন্ত্রী বলেন, আমি ইতোমধ্যে ১০ একর জায়গা নিয়ে রেখেছি। সার্বিক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে গাভির (টিকাবিষয়ক আন্তর্জাতিক জোট) সঙ্গে আলোচনা করেছে, ডব্লিউএইচও’র (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) সঙ্গে আলোচনা করেছে। আমরা ফর্মূলা চাই। আমরা সিড চাই এবং আমরা বাংলাদেশে এটা (টিকা তৈরি) প্রস্তুত করতে পারবো।”
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, “আমি বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যে, যখনই আমরা আহ্বান করেছি যে, করোনা মোকাবিলা করার জন্য যা যা করণীয় তারা যেন সেটা পালন করে। অনেক সময়, প্রথম দিকে দ্বিধা দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন সবাই অন্তত সেটা মেনে চলে। মেনে চললে পরে, এমনকি টিকা নেওয়ার পরও কিন্তু মাস্কটা পরে রাখা বা একটু দূরত্ব রাখা বা হাতটা পরিষ্কার রাখা। এটা কিন্তু করা উচিত। এটা করতে হবে। এটা করলে পরে আরো অনেকটা এগুতে পারবো।”
































