লেখক, উপস্থাপক, বাংলা একাডেমির সাবেক পরিচালক ফরহাদ খান আর নেই। শুক্রবার (১ অক্টোবর) ভোর চারটার দিকে মারা গেছেন তিনি।
বাংলা একাডেমির কর্মকর্তা, কবি সরকার আমিন সংবাদ প্রকাশকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ফরহাদ খান প্রাবন্ধিক-গবেষক। একজন বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবেও তিনি সুপরিচিত। ভাষা, হরফসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় নিয়ে তিনি বেশ কিছু মূল্যবান গ্রন্থ উপহার দিয়েছেন। বাংলা একাডেমি ছোটদের অভিধানসহ বেশ কিছু বইয়ের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন।
ফরহাদ খান ১৯৬৫ থেকে ১৯৭০ পর্যন্ত বেতারে সংবাদ অনুবাদ ও পাঠ করেছেন। ১৯৮৬ পর্যন্ত ঢাকা বেতারের ‘উত্তরণ’ ও ‘সংবাদ বিচিত্রা’র সঙ্গেও যুক্ত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে তিনি মাতৃভাষা নিয়ে ‘মোদের গরব মোদের আশা’, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ‘আবহমান বাংলা’ এবং ‘মাতৃভাষা’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।
বাংলা একাডেমির ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগের পরিচালক পদ থেকে অবসর শেষে মাঝে কাজ করেছেন জার্মানিতে, ডয়েচে ভেলে রেডিওতে, বাংলা বিভাগের অন্যতম সম্পাদক হিসেবে।

































