মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে সাভারের আশুলিয়ায় খর্বাকৃতির গরু রানি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভারে চারিগ্রাম এলাকার শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান।
শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক আবু সুফিয়ান বলেন, গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আমরা রানির পোস্ট মর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমনজাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করেছিলাম কিনা। কিন্তু এ ধরনের কোনো কিছু তারা রিপোর্টে পায়নি।
আবু সুফিয়ান আরো বলেন, রানি আমাদের সবার অনেক আদরের ছিল। প্রাণী হলেও রানিকে আমরা পরিবারের একজন করে নিয়েছিলাম। কিন্তু গিনেস বুক অব ওয়ার্ল্ডে যখন রানির নাম উঠতে আর কিছুদিন বাকি, তখন আমরা রানিকে হারিয়েছি। রানির মৃত্যু কোনোভাবেই ওই সময় মেনে নিতে পারিনি আমরা। তবে অবশেষে গিনেস বুক কর্তৃপক্ষ তাদের প্রসিডিউর অনুযায়ী রানিকে বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে।
ভুট্টি জাতের এ গরুর উচ্চতা ২৪.৭ ইঞ্চি দৈর্ঘ্য ২৬ ইঞ্চি এবং ওজন ২৬ কেজি ছিল। ১১ মাস আগে নওগাঁর প্রত্যন্ত গ্রাম থেকে রানিকে আনা হয়েছিল আশুলিয়ার খামারে।


























