হোটেলে তরুণী হত্যার আসামি সাগর গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৩:২৭ পিএম
হোটেলে তরুণী হত্যার আসামি সাগর গ্রেপ্তার

কক্সবাজারের একটি হোটেলে তরুণী হত্যার ঘটনায় জড়িত প্রধান আসমি সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে র‍্যাব-১০-এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের দাবি, আটক সাগর একজন সিরিয়াল রেপিস্ট (ধর্ষক)। তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর কক্সবাজারে কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ওই তরুণীর স্বামী পরিচয় দিয়ে হোটেলের কক্ষ ভাড়া নেওয়া তরুণ পলাতক। উদ্ধারের পর  নাম-পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত শেষে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়।

Link copied!