আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ ও সবার জন্য শান্তি-সমৃদ্ধি নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করে দেশকে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কারে’ ভূষিত করেছে।”
বুধবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই অনন্য অর্জন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স বিশ্বব্যাপী করোনা মহামারি চলাকালে ও এসডিজি অর্জনে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।”
এ সময় ওবায়দুল কাদের বিশ্ব পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগসহ দেশের সব মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনাও করেন ওবায়দুল কাদের।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে বলেন, “দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই।” তিনি বলেন, “এ জন্যই বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবিলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে।”
ওবায়দুল কাদের বলেন, “নেতিবাচক রাজনীতি মানসিকতার কারণে বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।”
কৃষক নাকি উৎপাদিত পণ্যের মূল্য পায় না, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “এ দেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু যা করেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
সেতুমন্ত্রী বলেন, “বিএনপির শাসনামলে উৎপাদনের জন্য সার চেয়ে পায়নি কৃষকরা। বরং কৃষকদের বুকে গুলি চালিয়েছিল বিএনপি।”
তখন কৃষকরা পায়নি প্রয়োজনীয় সাপোর্ট, ভর্তুকি, অথচ আজ বিএনপি নেতারা কৃষকদের জন্য মেকি দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।



































