আবারও ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ১২:০৩ পিএম
আবারও ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি

দলের আগামীর কর্মসূচি চূড়ান্ত করতে আবারও ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার এই বৈঠক শুরু হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি বৈঠকে যুক্ত হবেন। স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নিরপেক্ষ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষ হওয়ার পর দলের পরবর্তী করণীয় কার্যক্রম সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে মোট ৩৬৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীর কর্মসূচি নির্ধারণে বৈঠকে নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতির মতামত নেওয়া হবে।

বৈঠকের প্রথম দিন উপস্থিত থাকছেন ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতিরা। আমন্ত্রিত ১২৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০৮ জন, ফরিদপুর বিভাগে ১৪ জন এবং জেলা সভাপতিদের মধ্যে যারা নির্বাহী কমিটির সদস্য নয়, এমন ৪ জন বৈঠকে অংশ নেবেন।

বৈঠকের দ্বিতীয় দিন বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতিরা অংশ নেবেন। আমন্ত্রিত হয়েছেন ১২৯ জন।

শেষ দিন বৈঠক হবে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)। এদিন খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতিসহ ১০৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Link copied!