করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ১৬ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জনে।
এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৫ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনে।
সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৪৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ।
মারা যাওয়াদের মধ্যে নারী ১৫ জন এবং পুরুষ ১১ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী বিভাগে কোনো মৃত্যু হয়নি।






























