বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অছাত্ররা যেন থাকতে না পারেন, সে জন্য উদ্যোগ নেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে শিক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “এ মাসের শেষেই বিশ্ববিদ্যালয় খুলবে, হলগুলোতে জীবনযাত্রা কেমন, তা দেখতে হবে। হলগুলোতে অছাত্রদের লিখিতভাবে হলে থাকা বন্ধ করতে হবে। এ নিয়ে কে খুশি হলো, কে অখুশি হলো, তাতে কিছু যায় আসে না। শিক্ষাকে গুণগত করতে হলে এসব সিদ্ধান্ত নিতেই হবে।”
এ সময় শিক্ষা দিবস নিয়ে ছাত্রসংগঠনের কোনো কর্মসূচি না থাকায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আজকের দিবসটা ছাত্রসমাজের জন্য অপরিহার্য, ৬২’র শিক্ষা আন্দোলন নিয়ে আজ কয়জন জানে? তা জানা নেই। ছাত্রনেতারা এখন তাদের ক্যাম্পাস, শিক্ষা, শিক্ষার সমস্যা এমনকি কোনো সংগঠন এই দিবসের তাৎপর্য নিয়ে কোনো সেমিনারও করে না। এ ধারা চলতে থাকলে ছাত্রসংগঠনগুলোর জৌলুশ হারিয়ে যাবে।”
সাধারণ সম্পাদক আরও বলেন, “মেধাবীদের মেধার মূল্যায়ন করতে হবে। শিক্ষার মান যেমন বাড়াতে হবে, তেমনি শিক্ষকতার মানও বাড়াতে হবে। করোনার এই অতিমারিতে অনেক ছাত্রছাত্রী ঝরে গেছে, স্কুলে যাওয়া বন্ধ করে দিছে, তাদের খুঁজে বের করে আবারও শিক্ষাঙ্গনমুখী করতে হবে।”
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক আবদুল খালেকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুনাজ আহমেদ নুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
এছাড়া অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক উপকমিটির সদস্যসচিব শামসুন্নাহার চাঁপা।



































