প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মিডিয়াতে কী লিখল আর টক শোতে কী বলল, ওসব নিয়ে আমি দেশ পরিচালনা করি না, আমি দেশ পরিচালনা করি অন্তর থেকে।”
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, “আছে কিছু লোক, আছে না? যারে দেখতে নারি তার চলন বাঁকা। এই অবস্থায় কিছু লোক ভোগে। আর কিছু লোক আছে হতাশায় ভোগে।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মানুষের একটা বদ অভ্যাস হয়ে গেছে কথায় কথায় হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরেও বলবে এটা হলো না কেন, ওটা হলো না কেন? আমি একটু বলব, এটা না বলে আগে কী ছিল আর এখন কী আছে, সেটা দেখলেই তো হয়ে যায়।”
শেখ হাসিনা বলেন, “আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের দরিদ্র মানুষের জন্য বছরের পর বছর তিনি জেল খেটেছেন। জীবনটাকে উৎসর্গ করেছেন। সেই দেশের মানুষগুলোর জন্য কী কাজ করতে হবে, এটা শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। মানুষ তার সুফল পাচ্ছে কি না, সেটা যাচাই করি। এটাই হলো বাস্তবতা।”
































