• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০২:৪৩ পিএম
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় আফতাবনগরের নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসু মিয়া (৩০) নামের এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাড্ডার আফতাবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই হবিবর রহমান বলেন, “আমরা দুই ভাই একই ভবনের ছয়তলায় কাজ করছিলাম। সেখান থেকে হাসু হঠাৎ নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসু রডমিস্ত্রির কাজ করত।”

হবিবর আরও জানান, “আমরা ওই নির্মাণাধীন ভবনে থাকতাম। আমাদের বাড়ি নীলফামারীর সদর থানায়। হাসুর ৮ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “ভবন থেকে পড়ে গুরুতর আহত একজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাহিদ হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!