২০২২ সালের ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে বসবে এবারের আয়োজন।
বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে সোমবার (১৩ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) মেলা আয়োজনের অনুমোদন দেয়।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার আয়োজন শুরু হবে। মাসব্যাপি চলবে এই আয়োজন।
দেশ-বিদেশের কয়েকশ' প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিবে। এ মেলা থেকে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেক রপ্তানি আদেশ (অর্ডার) পেয়ে থাকে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়।
করোনা মহামারির কারণে চলতি বছর বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েও তা স্থগিত করা হয়। ইপিবি এই বছরই বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন দিয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, প্রতিবছর এই মেলার আয়োজন হলেও কোনো স্থায়ী অবকাঠামো ছিল না। সেই লক্ষ্যে পূর্বাচলের নতুন শহরের ৪ নং সেক্টরে ২০ একর জমিতে ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনষ্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা।
১৯৯৫ সাল থেকে ঢাকার শেরে বাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে ইপিবি।
































