৯ দিন বিরতির পর মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আবার বসছে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের মুলতবি হওয়া বৈঠক ।
এদিন বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে।
গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু বর্তমান সংসদের দুইজন সদস্য মারা যাওয়ায় সংসদের কার্যক্রম দুই কার্যদিবস স্থগিত করে মুলতবি করা হয়।
এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী এ অধিবেশন আহ্বান করা হয়।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা ছিল। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রয়োজনে অধিবেশনের কার্যকাল বাড়ানো হয়। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের অধিবেশন।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিদেশ সফরে ছিলেন। অন্যদিকে ডেপুটি স্পিকার চিকিৎসার জন্য ভারতে আছেন। এজন্য দীর্ঘ এই মুলতবি।
অথচ করোনার কারণে সংসদের বৈঠকে যাতে কোনো বিরতি না থাকে এজন্য শুক্রবারও বিকেলে সংসদের বৈঠক চালানো হয়েছিল।



































