বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
নেতাকর্মীদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাওয়া ছাত্রলীগের লক্ষ্য। আগামীর বাংলাদেশে গবেষণাময় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় প্রকাশ করছি আমরা। রাজনীতির অধিকারের নামে যারা ষড়যন্ত্রের রাজনীতি করতে চায়, তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদী জমিতে শাকসবজি-ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালনের উদ্যোগসহ বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
১৯৪৮ সালের আজকের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহৎ এ ছাত্রসংগঠনটি প্রতিষ্ঠা করেন। একই বছর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নামেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও এগারো দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের সরকারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল।



















